আন্তর্জাতিক

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে নরওয়ে

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করছে নরওয়ে - খবরের থাম্বনেইল ফটো

১৬ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপে চলতি বছরই একটি বিল উত্থাপন করবে নরওয়ে।


একই সঙ্গে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের দায়িত্ব প্রযুক্তি কোম্পানিগুলোর ওপরই থাকবে বলে জানিয়েছে দেশটি।


অসলো থেকে এএফপি জানায়, এক বিবৃতিতে নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গাহর স্টোর বলেন, ‘আমরা এই আইন আনছি কারণ আমরা এমন একটি শৈশব চাই, যেখানে শিশুরা সত্যিকারের শিশু হয়ে বেড়ে উঠতে পারে।


খেলাধুলা, বন্ধুত্ব ও দৈনন্দিন জীবন অ্যালগরিদম ও পর্দার দখলে চলে যেতে পারে না।’


তিনি বলেন, ‘শিশুদের ডিজিটাল জীবন সুরক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’


ফ্রান্স, স্পেন ও ডেনমার্কসহ ইউরোপের কয়েকটি দেশ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ডিজিটাল প্রাপ্তবয়স্ক বয়সসীমা চালুর ঘোষণা দিয়েছে। এছাড়া অস্ট্রেলিয়া ও তুরস্ক ইতোমধ্যে এমন ব্যবস্থা কার্যকর করেছে।


ইউরোপীয় কমিশনও শিশু ও কিশোরদের সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার বিষয়ে দৃঢ় অবস্থান জানিয়েছে। এর অংশ হিসেবে এপ্রিলের মাঝামাঝি সময়ে তারা একটি বয়স যাচাই অ্যাপ উন্মোচন করেছে, যা শিগগিরই ইউরোপীয় নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে।


নরওয়ের ডিজিটালাইজেশন ও জনপ্রশাসনমন্ত্রী কারিয়ান তুং বলেন, ‘আমি আশা করি প্রযুক্তি কোম্পানিগুলো বয়সসীমা কার্যকরভাবে মেনে চলবে।


শিশুদের এমন প্ল্যাটফর্ম থেকে দূরে থাকার দায়িত্ব তাদের ওপর ছেড়ে দেওয়া যায় না, যেগুলো ব্যবহারের অনুমতি তাদের নেই।’


তিনি আরও বলেন, ‘এই দায়িত্ব সেবাদানকারী কোম্পানিগুলোর। তাদের কার্যকর বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে এবং আইন কার্যকরের প্রথম দিন থেকেই তা মেনে চলতে হবে।’


নরওয়ে সরকার জানিয়েছে, জাতীয় পর্যায়ে পর্দা ব্যবহারের নির্দেশিকা এবং মোবাইলমুক্ত স্কুলের সুপারিশসহ বিভিন্ন পদক্ষেপের কারণে শিশুদের মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের হার ইতোমধ্যে কমতে শুরু করেছে।


সম্পর্কিত খবর