সারাদেশ

সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় জামায়াত কর্মী নিহত

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হাতুড়িপেটায় জামায়াত কর্মী নিহত- খবরের থাম্বনেইল ফটো

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় জামায়াতে ইসলামীর এক কর্মী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকার পর সোমবার ভোরে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।


নিহত মো. শাহাদাত (৩০) সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের মাইজপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত শফি আহমদের ছেলে। চার সন্তানের জনক শাহাদাত স্থানীয়ভাবে একটি চায়ের দোকান পরিচালনা করতেন। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।


পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত প্রায় ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশের রাস্তার মাথা এলাকায় নিজ দোকানে বসে ছিলেন শাহাদাত। এ সময় সিএনজিচালিত অটোরিকশায় করে আসা মুখোশধারী ১০-১৫ জনের একটি দল তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হাতুড়ি দিয়ে তাঁর মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নগরে নিয়ে যান।


নিহতের বড় ভাই মোবারক হোসেন দাবি করেন, কয়েক মাস আগে ইয়াবাসহ লোহাগাড়ার এক সন্দেহভাজন সন্ত্রাসীকে গ্রেপ্তারের ঘটনায় তাঁর ভাইকে সন্দেহ করা হচ্ছিল। সেই ঘটনার জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে তাঁদের ধারণা।


উপজেলা জামায়াতে ইসলামীর আমির কামাল উদ্দিন বলেন, শাহাদাত সংগঠনের সক্রিয় কর্মী ছিলেন। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।


সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।


সম্পর্কিত খবর