আন্তর্জাতিক
উপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতার আগে হামলা ঠেকাতে ‘বিশ্বাসযোগ্য নিশ্চয়তা’ প্রয়োজন: ইরানি দূত

তেলসমৃদ্ধ পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য হামলা ঠেকাতে ‘বিশ্বাসযোগ্য নিশ্চয়তা’ চায় ইরান।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি গতকাল সোমবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ কথা বলেন।
বাহরাইন উদ্যোগে অনুষ্ঠিত ওই বৈঠকে বেশ কয়েকটি দেশ গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার সমালোচনা করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ইরাভানি বলেন, ‘পারস্য উপসাগর ও বৃহত্তর অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা ও নিরাপত্তা তখনই সম্ভব, যখন ইরানের বিরুদ্ধে আগ্রাসন স্থায়ীভাবে বন্ধ হবে এবং ভবিষ্যতে তা পুনরাবৃত্তি না হওয়ার বিশ্বাসযোগ্য নিশ্চয়তা দেওয়া হবে। একই সঙ্গে ইরানের বৈধ সার্বভৌম অধিকার ও স্বার্থের পূর্ণ সম্মান নিশ্চিত করতে হবে।’
বৈঠক শেষে ইরাভানি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং তিনি অভিযোগ করেন যে, বিভিন্ন দেশ শুধু ইরানের সমালোচনা করছে, কিন্তু ‘যুক্তরাষ্ট্রের ঘোষিত নৌ অবরোধের’ সমালোচনা করছে না।
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র জলদস্যু ও সন্ত্রাসীদের মতো আচরণ করছে। যুক্তরাষ্ট্র জোরজবরদস্তি ও ভয়ভীতি দেখিয়ে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু বানাচ্ছে, নাবিকদের আতঙ্কিত করছে, বেআইনিভাবে জাহাজ জব্দ করছে এবং ক্রু সদস্যদের জিম্মি করছে।’
ইরাভানি বলেন, ‘আন্তর্জাতিক নৌ চলাচল নিয়ে যারা উদ্বেগ প্রকাশ করছে, তাদের কেউই আজকের বৈঠকে এই ‘সন্ত্রাসী কর্মকান্ডে’ নিন্দা করার সাহস দেখায়নি।’







