জাতীয়
বাণীতে প্রধান উপদেষ্টা
বাংলাদেশ সকল মানুষের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ সবার দেশ। ধর্ম ও বর্ণভেদ নির্বিশেষে এ দেশ সকল মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।
শুক্রবার (২৩ জানুয়ারি) সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
বাণীতে প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন।
তিনি বলেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী এবং মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান।
সরস্বতী পূজার পবিত্র এই উৎসব উপলক্ষে ড. মুহাম্মদ ইউনূস প্রত্যাশা ব্যক্ত করেন, শিক্ষা যেন কেবল ব্যক্তিগত উন্নতির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের সামগ্রিক কল্যাণে ব্যবহৃত হয়। তিনি বলেন, জ্ঞান দিয়ে যেন আমরা অন্যকে সাহায্য করি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলি।
বাণীর শেষে প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।








