বিনোদন
লন্ডনের উৎসবে প্রিয়াম অর্চির দুই সিনেমা, আন্তর্জাতিক পর্দায় বাংলাদেশের গল্প

বাংলাদেশি চলচ্চিত্রে নতুন সময়ের ইঙ্গিত মিলছে—দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক উৎসবগুলোতে ক্রমেই দৃশ্যমান হচ্ছে স্থানীয় নির্মাণ। সেই ধারায় এবার যুক্ত হলেন অভিনেত্রী প্রিয়াম অর্চি। তাঁর অভিনীত দুটি চলচ্চিত্র—নির্বাণ ও দি আনএক্সপেক্টেড—লন্ডনের দুটি ভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে।
জুরি পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ‘নির্বাণ’ সম্প্রতি লন্ডন বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রিমিয়ার হয়েছে। সেন্ট্রাল লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন-এর ব্লক সিনেমা হলে আয়োজিত প্রদর্শনীতে উপস্থিত ছিলেন প্রিয়াম অর্চি নিজেই। প্রদর্শনী নিয়ে তিনি জানান, দর্শকসংখ্যা তুলনামূলক কম হলেও আলোচনা ছিল অর্থবহ, যা একজন শিল্পীর জন্য গুরুত্বপূর্ণ।
অন্যদিকে ‘দি আনএক্সপেক্টেড’ চলচ্চিত্রটি যুক্তরাজ্যেই নির্মিত এবং গত বছর শিকাগো সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ এর ইউএস প্রিমিয়ার হয়। এবার আগামী ৩ মে ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ হতে যাচ্ছে এর ইউকে প্রিমিয়ার।
এদিকে প্রিয়াম অর্চির আরেকটি চলচ্চিত্র দেশলাই মুক্তির অপেক্ষায় রয়েছে।
ক্যারিয়ারে বেছে নেওয়া কাজের মাধ্যমে ধীরে ধীরে নিজস্ব অবস্থান তৈরি করেছেন প্রিয়াম। টেলিভিশন, ওয়েব কনটেন্ট ও চলচ্চিত্র—সব মাধ্যমেই কাজ করলেও তিনি সংখ্যার চেয়ে গুণগত মানকে অগ্রাধিকার দেন। তাঁর কাজ ইতোমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের দৃষ্টি কাড়ছে।
স্বাধীন ও বিকল্পধারার সিনেমা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে প্রিয়াম বলেন, বাংলাদেশি স্বাধীন চলচ্চিত্রকে আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠা করতে হলে সুপরিকল্পিত কাঠামো জরুরি। এই ঘরানার জন্য আলাদা দর্শকভিত্তি ও প্ল্যাটফর্ম তৈরি না হলে এর বিস্তার সীমিত হয়ে পড়তে পারে।
বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন এই অভিনেত্রী। তাঁর মতে, ইংল্যান্ডের শিল্প-সংস্কৃতির পরিবেশ এবং তুলনামূলক সমান সুযোগের ক্ষেত্র শিল্পচর্চা ও সৃজনশীলতাকে এগিয়ে নিতে সহায়ক।
অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন প্রিয়াম অর্চি। সম্প্রতি একটি পরীক্ষামূলক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও কাজ করছেন তিনি, যা এখন পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে রয়েছে।







