আন্তর্জাতিক
লেবানন–ইসরাইল আলোচনা নিয়ে সমালোচনা, ‘নাটকীয় প্রক্রিয়া’ বলছেন বিশ্লেষক

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও লেবানন-এর মধ্যে চলমান কূটনৈতিক আলোচনা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বৈরুতভিত্তিক রাজনৈতিক বিশ্লেষক রানিয়া খালেক। তার মতে, এই আলোচনা কার্যকর সমাধানের বদলে একটি “নাটকীয় প্রক্রিয়ায়” পরিণত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে দেওয়া এক সাক্ষাৎকারে খালেক বলেন, আলোচনায় লেবানন সরকারের বাস্তবিক কোনো নিয়ন্ত্রণ বা দরকষাকষির ক্ষমতা নেই। ফলে সাধারণ মানুষের মধ্যেও এই প্রক্রিয়া নিয়ে আস্থার ঘাটতি তৈরি হয়েছে।
তিনি দাবি করেন, লেবানন সরকার কার্যত যুক্তরাষ্ট্রের অবস্থানের কাছে নতি স্বীকার করেছে। এর ফলে আঞ্চলিক রাজনীতিতে একটি নতুন সমীকরণ তৈরি হচ্ছে, যেখানে লেবানন ফ্রন্টকে ইরান সংশ্লিষ্ট প্রভাববলয় থেকে আলাদা করার প্রচেষ্টা দেখা যাচ্ছে।
খালেকের ভাষায়, “সরকার আলোচনার টেবিলে বসলেও এর বিনিময়ে দেশ কোনো দৃশ্যমান সুবিধা পাচ্ছে না।” তিনি আরও উল্লেখ করেন, ইসরাইলের হামলা অব্যাহত থাকলেও কার্যকর কোনো যুদ্ধবিরতি বাস্তবায়িত হয়নি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এই প্রেক্ষাপটে দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতিও ক্রমেই অস্থির হয়ে উঠছে বলে মনে করেন তিনি। বিশেষ করে দক্ষিণ লেবাননের শিয়া জনগোষ্ঠীর একটি বড় অংশ বাস্তুচ্যুত হয়েছে এবং এই প্রক্রিয়া এখনো অব্যাহত রয়েছে।
এছাড়া আলোচনায় শিয়া সম্প্রদায়ের কোনো প্রতিনিধিত্ব না থাকার অভিযোগ তুলে খালেক বলেন, এটি আলোচনার গ্রহণযোগ্যতা ও অন্তর্ভুক্তিমূলক চরিত্রকে প্রশ্নবিদ্ধ করছে।
বিশ্লেষকদের মতে, চলমান এই আলোচনা বাস্তব অগ্রগতি অর্জনে ব্যর্থ হলে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়তে পারে।







