আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে ১৫টি কেন্দ্রে পুনর্নির্বাচন, সকাল থেকেই ভোটারের দীর্ঘ লাইন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ডায়মন্ড হারবার ও মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার ১৫টি কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ভোটে অনিয়ম ও কারচুপির অভিযোগের পর দেশটির নির্বাচন কমিশন এই পুনর্নির্বাচনের নির্দেশ দেয়।
শনিবার (২ মে) সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। ভোটগ্রহণ শুরুর পর থেকেই শান্তিপূর্ণভাবে ভোট চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে নতুন করে ভোট নেওয়া হচ্ছে। এর আগে ২৯ এপ্রিল অনুষ্ঠিত ভোটের পর সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে অনিয়মের নেতিবাচক প্রতিবেদন পাওয়া যায়।
প্রতিবেদন ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে নির্বাচন কমিশন ওই বুথগুলোর ভোট বাতিল করে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়।
পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা এক বিবৃতিতে জানান, কমিশনের নির্দেশ অনুযায়ী পুনর্নির্বাচনের বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক প্রচারের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি প্রার্থীদেরও লিখিতভাবে জানানো হয়েছে।
সকাল ৯টা পর্যন্ত প্রথম দুই ঘণ্টায় ডায়মন্ড হারবার ও মগরাহাটের বুথগুলোতে গড়ে প্রায় ১৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে মগরাহাট পশ্চিমে ভোট পড়েছে প্রায় ১৬.৬৮ শতাংশ এবং ডায়মন্ড হারবারে ১৫.৮৩ শতাংশ।
উল্লেখ্য, গত ২৩ ও ২৯ এপ্রিল দুই ধাপে পশ্চিমবঙ্গে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে প্রায় ছয় কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে কিছু কেন্দ্রে অনিয়মের অভিযোগ ওঠায় ১৫টি বুথে পুনরায় ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।







