আন্তর্জাতিক
জার্মানি থেকে প্রায় ৫,০০০ সৈন্য প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

জার্মানি থেকে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
আগামী এক বছরের মধ্যে এই প্রত্যাহার সম্পন্ন করা হবে বলে শুক্রবার পেন্টাগন জানিয়েছে।
খবর এএফপি’র।
ন্যাটো মিত্র জার্মানির সঙ্গে চলমান বিরোধের জেরে চলতি সপ্তাহের শুরুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটি থেকে সেনা সরিয়ে নেওয়ার হুমকি দেন। সেই প্রেক্ষাপটেই এই ঘোষণা এল।
জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেৎর্সের সঙ্গে ইরান ইস্যুতে মতবিরোধের জেরেই মূলত এই উত্তেজনা তৈরি হয়।
পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে বলেন, ‘আমরা আশা করছি আগামী ৬ থেকে ১২ মাসের মধ্যে এই প্রত্যাহার সম্পন্ন হবে।’
তিনি আরও বলেন, ‘ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি পর্যালোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মাঠপর্যায়ে প্রয়োজনীয়তা ও বর্তমান পরিস্থিতির বাস্তবতা বিবেচনায় এটি কার্যকর করা হচ্ছে।’
জার্মানির চ্যান্সেলর মেৎর্স সোমবার বলেন, ইরান আলোচনা টেবিলে যুক্তরাষ্ট্রকে ‘হেয়’ করছে। এরপরই তিনি ট্রাম্পের রোষোনলে পড়েন।
মঙ্গলবার ট্রাম্প বলেন, মেৎর্স মনে করেন ‘ইরানের পারমাণবিক অস্ত্র রাখা ঠিক আছে। তিনি আসলে কী বলছেন তা নিজেই জানেন না’।
বুধবার ট্রাম্প জানান, জার্মানিতে মার্কিন সেনা কমানোর বিষয়টি ‘পর্যালোচনা’ করা হচ্ছে এবং খুব শিগগিরই তিনি সিদ্ধান্ত নেবেন।







