বিনোদন

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে বাংলার বৌদ্ধ শিল্পের ৪র্থ জাতীয় প্রদর্শনী

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

আলিয়ঁস ফ্রঁসেজে চলছে বাংলার বৌদ্ধ শিল্পের ৪র্থ জাতীয় প্রদর্শনী- খবরের থাম্বনেইল ফটো

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হয়েছে বাংলার বৌদ্ধ শিল্প ও আধ্যাত্মিকতাকে কেন্দ্র করে আয়োজিত ‘বাংলার বুদ্ধ: আমাদের পবিত্র সংঘ’ শীর্ষক চতুর্থ জাতীয় প্রদর্শনী।


গত মঙ্গলবার, ২৮ এপ্রিল প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে আগামী ৬ মে পর্যন্ত।


দক্ষিণ এশিয়ার অনন্য এই শিল্প উদ্যোগটি প্রতি বছর বাংলার ঐতিহ্যবাহী বৌদ্ধ শিল্পকে পুনরুজ্জীবিত করা এবং সমসাময়িক প্রেক্ষাপটে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্য নিয়ে আয়োজন করা হয়। এ আয়োজনে প্রতিষ্ঠিত ও উদীয়মান শিল্পীদের অংশগ্রহণে বৌদ্ধ দর্শন ও শিল্পচর্চার এক সমন্বিত পরিসর তৈরি হয়।


এ বছরের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে বৌদ্ধধর্মের তৃতীয় রত্ন ‘সংঘ’ বা পবিত্র সম্প্রদায়কে কেন্দ্র করে। প্রদর্শনীতে মোট ৯১টি শিল্পকর্ম স্থান পেয়েছে, যেখানে আধ্যাত্মিক সহযাত্রা, সর্বজনীন করুণা, মানবিক অভিজ্ঞতার পারস্পরিক ভাগাভাগি এবং সম্মিলিত জাগরণের আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। শিল্পীরা তাদের কাজের মাধ্যমে সম্প্রীতি, ধ্যানচিন্তা, প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং মানবজাতির আন্তঃসংযোগের দিকগুলো তুলে ধরেছেন।


প্রদর্শনীতে অংশ নিয়েছেন ৮০ জন বাংলাদেশি শিল্পী। তাঁরা জলরং, গোয়াশ, টেম্পেরা, ভাস্কর্য, মিনিয়েচার, বাটিক, অ্যাপ্লিক, উডকাট, নকশিকাঁথা, সিরামিক, প্রিন্টমেকিং ও ধাতুশিল্পসহ বিভিন্ন মাধ্যমে তাঁদের শিল্পকর্ম উপস্থাপন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়সহ দেশের ১৫টি বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরাও এতে অংশ নিয়েছেন। আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন বুলবুল ললিতকলা একাডেমি এবং চীনের ইউনান আর্ট ইউনিভার্সিটির শিল্পীরা।


প্রদর্শনীর সমাপনী দিনে প্রথমবারের মতো ‘বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে। এতে প্রথম পুরস্কার ৮০ হাজার টাকা, দ্বিতীয় ৫৮ হাজার টাকা, তৃতীয় ৩৫ হাজার টাকা এবং সেরা শিক্ষার্থী শিল্পকর্মের জন্য ৩৫ হাজার টাকা প্রদান করা হবে।


সম্পর্কিত খবর