আন্তর্জাতিক
সিএনএনকে ‘নির্বোধ’, নিউইয়র্ক টাইমসকে ‘রাষ্ট্রদ্রোহী’ বললেন ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই মার্কিন সংবাদমাধ্যম The New York Times ও CNN-এর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওভাল অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন। কর্মীদের অবসরকালীন সঞ্চয় সুবিধা বৃদ্ধির একটি নির্বাহী আদেশে সই করতে ওই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।
ট্রাম্প সিএনএনকে ‘নির্বোধ’ এবং নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনকে ‘রাষ্ট্রদ্রোহিতামূলক’ বলে আখ্যায়িত করেন।
তিনি দাবি করেন, কিছু সংবাদমাধ্যম এমনভাবে প্রতিবেদন করছে যাতে মনে হয় ইরান যুদ্ধে অগ্রগতি করছে, যা তার ভাষায় সঠিক নয়। ট্রাম্প আরও বলেন, তিনি শত্রুপক্ষের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য এসব সংবাদ অনুসরণ করেন।
ইরানের সামরিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইরানের বিরুদ্ধে সফলভাবে পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে নিউইয়র্ক টাইমসের একটি সম্পাদকীয়তে বলা হয়েছিল, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে ব্যর্থ হতে পারে এবং এতে ওয়াশিংটনের কৌশলগত অবস্থান দুর্বল হওয়ার ঝুঁকি রয়েছে।







