আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে কঠোর শর্তে খাদ্য সহায়তা থেকে বাদ পড়েছেন ৩০ লাখের বেশি মানুষ

যুক্তরাষ্ট্রে খাদ্য সহায়তা কর্মসূচিতে নতুন কঠোর নিয়ম কার্যকর হওয়ার ফলে ৩০ লাখের বেশি মানুষ সুবিধা হারিয়েছেন। ফেডারেল তথ্যের বরাতে এমন তথ্য প্রকাশ করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, গত বছরের জুলাই থেকে কড়াকড়ি শর্ত আরোপের পর ‘সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (এসএনএপি)’-এ অংশগ্রহণকারীর সংখ্যা প্রায় ৩৫ লাখ কমে গেছে। বর্তমানে এই কর্মসূচির আওতায় থাকা মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ১৮ থেকে ৬৪ বছর বয়সী শারীরিকভাবে সক্ষম এবং ১৪ বছরের নিচে সন্তান নেই—এমন প্রাপ্তবয়স্কদের প্রতি মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ, স্বেচ্ছাসেবা বা অনুমোদিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। আগে এই কর্মসংস্থান শর্ত ৫৪ বছর বয়স পর্যন্ত সীমাবদ্ধ ছিল এবং ১৮ বছরের নিচে সন্তান থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ছাড় দেওয়া হতো।
এছাড়া, নীতিমালার পরিবর্তনে বৈধভাবে বসবাসরত কিছু অ-নাগরিককেও এই সুবিধার আওতা থেকে বাদ দেওয়া হয়েছে, যা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ জানায়, গত অর্থবছরে গড়ে প্রতি মাসে ৪ কোটি ২১ লাখ মানুষ এসএনএপি সুবিধা পেয়েছেন, যার মোট ব্যয় ছিল প্রায় ১০১.৭ বিলিয়ন ডলার। তবে নতুন আইন কার্যকর হওয়ার পর অংশগ্রহণকারীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে।
বিশ্লেষকদের মতে, কর্মসংস্থান শর্ত কঠোর করা এবং যোগ্যতার মানদণ্ড পরিবর্তনের ফলে নিম্নআয়ের বহু মানুষ খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। এতে সামাজিক সুরক্ষা ব্যবস্থার ওপর নতুন করে চাপ তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।







