আন্তর্জাতিক
হরমুজ প্রণালি সচল করতে মার্কিন নেতৃত্বে নতুন নৌ-জোটের উদ্যোগ

ইরানের অবরোধে স্থবির হয়ে পড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল করতে আন্তর্জাতিক নৌ-জোট গঠনের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। ‘মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট’ (এমএফসি) নামে প্রস্তাবিত এই জোট গঠনে ইতোমধ্যে নীতিগত অনুমোদন দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মার্কিন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, স্টেট ডিপার্টমেন্ট এবং পেন্টাগন যৌথভাবে এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে। জোটটির মূল লক্ষ্য হবে সদস্য দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, কূটনৈতিক সমন্বয় জোরদার করা এবং প্রণালিতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরাইল–যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট উত্তেজনা ও সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর ফলে প্রতিদিন বিশ্ববাজারে প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও পরিশোধিত জ্বালানিপণ্যের সরবরাহ বন্ধ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রণালির উভয় পাশে শত শত তেলবাহী জাহাজ আটকা পড়ে আছে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে।
এদিকে, ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করার চেষ্টা করছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে সর্বোচ্চ ২০ লাখ ডলার পর্যন্ত ট্রানজিট ফি আদায়ের অভিযোগ উঠেছে।
তবে এমএফসি জোট গঠনে যুক্তরাষ্ট্র কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়ে গেছে। চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে ন্যাটো সদস্য দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন–এর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মুখে পড়েছে। ফলে সম্ভাব্য জোটে কোন কোন দেশ অংশ নেবে, তা এখনো অনিশ্চিত।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা না গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে।







