আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের অবরোধ এড়িয়ে ১৯ লাখ ব্যারেল তেল নিয়ে এশিয়ার দিকে ইরানি ট্যাংকার

প্রায় ১৯ লাখ ব্যারেল অপরিশোধিত তেল নিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে ইরানের একটি বৃহৎ তেলবাহী জাহাজ। জাহাজটি যুক্তরাষ্ট্রের অবরোধ ও নজরদারি এড়িয়ে গন্তব্যের দিকে যাচ্ছে বলে দাবি করেছে জাহাজ ট্র্যাকিং সংস্থা ট্র্যাকার্স ডটকম।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ন্যাশনাল ইরানিয়ান ট্যাংকার কোম্পানির মালিকানাধীন ‘হিউজ’ নামের এই ভিএলসিসি জাহাজে থাকা তেলের বাজারমূল্য আনুমানিক ২২ কোটি মার্কিন ডলার। জাহাজটি সর্বশেষ এক সপ্তাহ আগে শ্রীলঙ্কার উপকূলে দেখা যায় বলে জানানো হয়েছে।
বর্তমানে জাহাজটি লম্বক প্রণালি অতিক্রম করে রিয়াউ দ্বীপপুঞ্জ অভিমুখে এগোচ্ছে বলে পর্যবেক্ষণ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের মার্কিন নৌবাহিনী ইরানি জাহাজগুলোর ওপর অবরোধ জোরদারের ঘোষণা দেওয়ার সময় জাহাজটি ইরানের জলসীমায় অবস্থান করছিল। এরপর ২০ মার্চ মালাক্কা প্রণালি পার হওয়ার সময় থেকে জাহাজটির স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (AIS) বন্ধ ছিল বলে দাবি করা হয়।
এর আগে ২৯ এপ্রিল ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করে, অবরোধ উপেক্ষা করে অন্তত ৫২টি ইরানি জাহাজ সফলভাবে চলাচল করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র দাবি করেছে, অবরোধ শুরুর পর তারা ইরান-সম্পর্কিত প্রায় ৪১টি জাহাজকে পথ পরিবর্তনে বাধ্য করেছে।
বিশ্লেষকদের মতে, চলমান এই পরিস্থিতি ইরানের তেল রপ্তানি ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করলেও একই সঙ্গে আন্তর্জাতিক সমুদ্রপথে নজরদারি ও ভূরাজনৈতিক উত্তেজনা আরও বাড়াচ্ছে।







