আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় ল্যাম্পপোস্ট ও ট্রাকে বিমানের ধাক্কা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় ল্যাম্পপোস্ট ও ট্রাকে বিমানের ধাক্কা- খবরের থাম্বনেইল ফটো

ইউনাইটেড এয়ার লাইন্সের একটি বিমান অবতরণের সময় যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি মহাসড়কে ল্যাম্পপোস্ট ও একটি ডেলিভারি ট্রাকে ধাক্কা দেয়। 


রোববার কর্মকর্তারা এএফপিকে এ তথ্য জানিয়েছেন। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ( এফএএ) জানায়, ইতালির ভেনিস থেকে আসা বোয়িং ৭৬৭ বিমানটি অবশ্য এরপর নিরাপদেই অবতরণ করে। 


ঘটনাটি তদন্ত করা হবে। 


নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।


নিউইয়র্ক ও নিউ জার্সি বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই ঘটনায় বিমানে কেউ আহত হননি। তবে ট্রাক চালক সামান্য আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়ে ছাড়া পেয়েছেন। 


বিমানটিতে ২২১ জন যাত্রী ও ১০ জন ক্রু সদস্য ছিলেন।


এফএএ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় রোববার দুপুর প্রায় ২টার দিকে নিউইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ইউনাইটেড এয়ারলাইনসের ফ্লাইট ১৬৯ নিউ জার্সি টার্নপাইকে একটি লাইটপোস্টে ধাক্কা দেয়। এতে বিমানটির সামান্য ক্ষতি হয়।


পোর্ট অথরিটি জানায়, এই ঘটনায় বিমানটি একটি লাইটপোস্ট ও দক্ষিণমুখী একটি ট্রাক্টর-ট্রেলারের ক্ষতি করেছে।


কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চক প্যাটেরাকিস জানান, বাণিজ্যিক বিমানটির একটি চাকা চালকের জানালায় আঘাত করে। এতে চালকের সামান্য আঘাত লাগে। তবে এইচঅ্যান্ডএস বেকারির ট্রাকটি অক্ষত ছিল। 


এক বিবৃতিতে ইউনাইটেড এয়ারলাইনস জানায়, ঘটনাটির তদন্ত করা হবে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে সংশ্লিষ্ট ক্রুদের দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।


সম্পর্কিত খবর