আন্তর্জাতিক
আমিরাতে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য ‘আকাশপথে সম্ভাব্য হামলা’ সংক্রান্ত সতর্কবার্তা জারি করেছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এ সতর্কতা জানানো হয়।
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের মিশন সংযুক্ত আরব আমিরাতের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। দেশটিতে অবস্থানরত মার্কিন নাগরিকদের স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
এর আগে সোমবার সংযুক্ত আরব আমিরাত জানায়, তারা ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে।
বর্তমানে দেশটির জন্য যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা ‘লেভেল ৩’-এ রয়েছে। এর অর্থ, মার্কিন নাগরিকদের এই দেশে ভ্রমণের বিষয়ে পুনর্বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট জেনারেল খোলা থাকলেও জানানো হয়েছে, জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মীদের ইতোমধ্যে আমিরাতের বাইরে সরিয়ে নেওয়া হয়েছে।







