সারাদেশ
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মব সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) মব সন্ত্রাস ও শিক্ষকদের অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৬ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেমি বড়ুয়া, সাঈদুল ইসলাম আফজাল, ইসরাত জাহান নওরিন, আকলিমা আক্তার, ফাতেমাতুজ্জোহরা এবং রিফাহ তাসনিয়া নিখিতা।
বক্তারা অভিযোগ করেন, মঙ্গলবার ছাত্রদলের নাম ব্যবহার করে কিছু শিক্ষার্থী ও বহিরাগত ব্যক্তি উপাচার্যের অপসারণের দাবিতে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে। তারা ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা ও ভীতিকর পরিবেশ তৈরির চেষ্টা চালায়।
এ সময় বক্তারা আরও বলেন, ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি বিভাগের শিক্ষকদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে এবং তাদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
মানববন্ধন থেকে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।







