আন্তর্জাতিক
পশ্চিমবঙ্গে ৪৮ ঘণ্টায় ২০০ মামলা, গ্রেপ্তার ৪৩৩, আটক ১১০০

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর শুরু হওয়া সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২০০টি এফআইআর দায়ের করেছে পুলিশ। এসব ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) সিদ্ধ নাথ গুপ্ত।
বুধবার (৬ মে) এক সংবাদ সম্মেলনে ডিজিপি জানান, গত ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পর বিভিন্ন এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও হামলার ঘটনায় এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আরও ১ হাজার ১০০ জনকে আটক করা হয়েছে।
এর একদিন আগে ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) পশ্চিমবঙ্গের মুখ্য সচিব, ডিজিপি এবং রাজ্যে মোতায়েন থাকা কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীকে (সিএপিএফ) ভোট-পরবর্তী সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের নির্দেশ দেয়।
ডিজিপি সিদ্ধ নাথ গুপ্ত বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। তিনি সাধারণ মানুষের প্রতি আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশকে জানান। কোনো ঘটনায় আনুষ্ঠানিক অভিযোগ না পেলেও প্রয়োজনে পুলিশ স্বপ্রণোদিত হয়ে মামলা করবে।”
এ সময় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবন ও কার্যালয়ের বাইরে অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের বিষয়েও ব্যাখ্যা দেন তিনি।
ডিজিপির ভাষ্য, প্রটোকল অনুযায়ী তারা যে নিরাপত্তা পাওয়ার অধিকারী, তা বহাল রয়েছে। তবে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা সরিয়ে সেই সদস্যদের বর্তমানে রাজ্যের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত করা হয়েছে।
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, ভোট-পরবর্তী সহিংসতা ঠেকাতে পশ্চিমবঙ্গজুড়ে সিএপিএফের ৫০০ কোম্পানি মোতায়েন রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বাহিনী রাজ্যেই অবস্থান করবে।







