বিনোদন
রবীন্দ্রনাথের ‘স্ত্রীর পত্র’ অবলম্বনে নির্মিত নাটকে মৃণালিনী চরিত্রে সামিয়া অথৈ

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর বিখ্যাত গল্প ‘স্ত্রীর পত্র’ অবলম্বনে নির্মাতা অরুণ চৌধুরী একটি বিশেষ নাটক নির্মাণ করেছেন। একই শিরোনামের এই নাটকের চিত্রনাট্যও লিখেছেন তিনি। এতে মূল চরিত্র মৃণালিনীর ভূমিকায় অভিনয় করেছেন সামিয়া অথৈ। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে ঢাকার নবাবগঞ্জে।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্ত্রীর পত্র’ মূলত পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থার বিরুদ্ধে এক নারীর আত্মসচেতনতা, প্রতিবাদ এবং ব্যক্তিস্বাধীনতা অর্জনের গল্প। দীর্ঘ পনেরো বছরের দাম্পত্য জীবনের পর মৃণালিনী স্বামীকে লেখা একটি পত্রের মাধ্যমে তার ভেতরের জমে থাকা অভিমান, বঞ্চনা ও প্রতিবাদের কথা প্রকাশ করে। বিন্দু নামের এক অনাথ ও নির্যাতিত মেয়ের আত্মহত্যার ঘটনা তাকে গভীরভাবে নাড়া দেয় এবং নিজের অবস্থান সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়।
ধীরে ধীরে সে উপলব্ধি করে, সংসারের কাঠামোর মধ্যে সে কেবল দায়িত্ব ও নিয়মের বেড়াজালে আবদ্ধ একজন মানুষ। এই উপলব্ধি থেকেই সে দাসত্বের জীবন থেকে মুক্তির সিদ্ধান্ত নেয় এবং শ্বশুরবাড়ি ত্যাগ করে নিজের নতুন পরিচয়ের সন্ধানে বেরিয়ে পড়ে।
নাটকে বিন্দুর চরিত্রে অভিনয় করেছেন শখ। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন আরেফিন জিলানী, সূচনা শিকদার, তূর্য, নয়নসহ আরও অনেকে।
মৃণালিনী চরিত্রে অভিনয় প্রসঙ্গে সামিয়া অথৈ বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের এমন একটি শক্তিশালী গল্পের কেন্দ্রীয় চরিত্রে কাজ করা একজন অভিনেত্রীর জন্য সত্যিই গর্বের বিষয়। এটি আমার জন্য দারুণ এক অভিজ্ঞতা। নির্মাতা অরুণ চৌধুরীর প্রতি আমি কৃতজ্ঞ। এই কাজের যাত্রা সবসময়ই স্মরণীয় হয়ে থাকবে।”
নির্মাতা অরুণ চৌধুরী বলেন, “রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প সবসময়ই আমাকে অনুপ্রাণিত করে। ‘স্ত্রীর পত্র’ গল্পটি আজও সমানভাবে প্রাসঙ্গিক। আমরা চেষ্টা করেছি গল্পটির আবেগ ও বার্তাকে যথাযথভাবে নাটকে তুলে ধরতে। অথৈ খুব ভালোভাবে মৃণালিনী চরিত্রটি ফুটিয়ে তুলেছে, পাশাপাশি অন্যরাও ভালো অভিনয় করেছে।”
নাটকটি প্রচারিত হবে আগামীকাল, ২৫শে বৈশাখ, বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে।







