আন্তর্জাতিক
‘অবৈধ বাংলাদেশি’ প্রত্যাবাসনে ঢাকার সহযোগিতা চায় ভারত

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠাতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাই ও সুশৃঙ্খল প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে ঢাকার সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য বাংলাদেশ সরকারের কাছে পাঠানো হয়েছে, যাতে তাদের জাতীয়তা নিশ্চিত করা যায় এবং নির্ধারিত প্রক্রিয়ায় প্রত্যাবাসন কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হয়।
তিনি আরও বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য ইতোমধ্যে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশে ‘পুশ-ইন’ ইস্যু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টির প্রেক্ষাপট ও মূল কারণ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, “আমরা আশা করি বাংলাদেশ এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ভারতে অবস্থানরত অবৈধ বিদেশি নাগরিকদের সুশৃঙ্খল ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে নিজ নিজ দেশে ফেরত পাঠাতে আমরা কাজ করছি।”







