আন্তর্জাতিক

হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র–বাহরাইনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান রাশিয়ার

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র–বাহরাইনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান রাশিয়ার- খবরের থাম্বনেইল ফটো

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালিতে ইরানের কথিত অবরোধ নিয়ে উত্থাপিত যুক্তরাষ্ট্র ও বাহরাইনের যৌথ খসড়া প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, প্রস্তাবটি অকার্যকর এবং এতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।


রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে জানা যায়, রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার আলিমভ দেশটির সংবাদমাধ্যম ইজভেস্তিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। তিনি বলেন, বর্তমান খসড়া প্রস্তাবটি তারা সমর্থন করতে পারছে না এবং এর পরিবর্তে বিষয়টি আরও আলোচনার মাধ্যমে সমাধানের প্রয়োজন রয়েছে।


আলিমভের ভাষায়, “আমরা যুক্তরাষ্ট্র ও বাহরাইনের সহলেখকদের এই প্রস্তাব প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি। এতে কার্যকর কোনো ফল আসবে বলে আমরা মনে করি না।”


তিনি আরও জানান, হরমুজ প্রণালি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীন একটি বিকল্প খসড়া প্রস্তাব তৈরি করেছে। সেখানে সব পক্ষকে সংঘাত বন্ধ, শক্তি প্রয়োগ থেকে বিরত থাকা এবং আলোচনার মাধ্যমে মতপার্থক্য নিরসনের আহ্বান জানানো হয়েছে।


জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত যুক্তরাষ্ট্র–বাহরাইনের প্রস্তাবটি কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সমর্থন করেছে বলে জানা গেছে। তবে এই দেশগুলো পরিষদের স্থায়ী সদস্য নয়।


বিশ্লেষকদের মতে, রাশিয়ার ভেটো ক্ষমতা থাকায় প্রস্তাবটি চূড়ান্তভাবে অনুমোদন পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।


সম্পর্কিত খবর