সারাদেশ

২২ বছর পর ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

২২ বছর পর ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ চলছে- খবরের থাম্বনেইল ফটো

ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন দীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত হচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রগুলোতে সকাল থেকেই ব্যবসায়ীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।


সমিতি সূত্রে জানা যায়, ১০টি কক্ষে মোট ১ হাজার ৮৬০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। দীর্ঘদিন পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।


নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালন করছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার শামীমা আক্তার ও মো. শাহরিয়ার সজল। প্রিসাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন ফেনী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. জহির উদ্দিন। নিরাপত্তা নিশ্চিত করতে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী ফৌজুল আজিমের নেতৃত্বে পুলিশ মোতায়েন রয়েছে।


নির্বাচনে মোট ২৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুটি প্যানেলের প্রার্থীরা। এর মধ্যে সাবেক সভাপতি জিয়া উদ্দিন আহমেদ মিস্টার ও ফারুক হারুনের নেতৃত্বাধীন প্যানেল ‘মাছ’ প্রতীক নিয়ে এবং নাসির উদ্দিন মিলন ও মুশফিকুর রহমান পিপুলের নেতৃত্বাধীন প্যানেল ‘ছাতা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে।


প্রধান নির্বাচন কমিশনার আলাল উদ্দিন আলাল জানান, সকাল থেকেই ভোটগ্রহণ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে চলছে। কোনো ধরনের অনিয়ম ছাড়াই ভোট কার্যক্রম অব্যাহত রয়েছে।


উল্লেখ্য, ২০০৪ সালের পর দীর্ঘ ২২ বছর ফেনী শহর ব্যবসায়ী সমিতিতে নির্বাচন হয়নি। এবার ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে সংগঠনে নতুন অধ্যায়ের সূচনা হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।


সম্পর্কিত খবর