সারাদেশ
মেহেরপুরে অবৈধ যানবাহনের চাপায় প্রাণ গেল স্কুলছাত্রীর

মেহেরপুরের গাংনী উপজেলায় স্যালোইঞ্জিনচালিত অবৈধ যান ‘লাটা হাম্বার’-এর চাপায় আনিসা খাতুন (৬) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৯ মে) সকাল ১১টার দিকে গাংনীর তেঁতুলবাড়ীয়া-বামন্দী সড়কের করমদী সন্ধানী মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনিসা করমদী গ্রামের সাজেদুল হকের মেয়ে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ হোসেন জানান, আনিসা রাস্তা পার হওয়ার সময় তেঁতুলবাড়ীয়া দিক থেকে বেপরোয়া গতিতে আসা বালুবোঝাই একটি লাটা হাম্বার তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটক চালক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।






