সারাদেশ

অনুপ্রবেশ ঠেকাতে লালমনিরহাট সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

অনুপ্রবেশ ঠেকাতে লালমনিরহাট সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা- খবরের থাম্বনেইল ফটো

অনুপ্রবেশ প্রতিরোধে লালমনিরহাট সীমান্তে বাড়তি সতর্কতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একই সঙ্গে টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ১৫ বিজিবি।


বিজিবি জানায়, ভারতে অবস্থানরত বাংলাভাষী মুসলিমদের ‘অবৈধ’ হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে পুশইন বা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। এতে সীমান্তবর্তী গ্রামের মানুষের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।


এদিকে সীমান্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শুধু বাংলাদেশি নয়, রোহিঙ্গা কিংবা ভারতীয় নাগরিক হিসেবে দাবি করা ব্যক্তিদেরও পুশইনের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কা রয়েছে।


এই পরিস্থিতিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুরো সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে এবং সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


সূত্র আরও জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়েছে। একই সঙ্গে দিন-রাত টহল কার্যক্রম বাড়ানো হয়েছে, যাতে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা নিরাপত্তা বিঘ্নকারী কার্যক্রম প্রতিরোধ করা যায়।


এছাড়া ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংস পরিস্থিতির প্রেক্ষিতে সম্ভাব্য অনুপ্রবেশ রোধে সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।


লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম (পিএসসি) বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন, মানবপাচার ও পুশইন প্রতিরোধে বিজিবি সবসময় আপসহীন। তিনি জানান, যে কোনো পরিস্থিতিতে ১৫ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সজাগ থাকার আহ্বান জানানো হচ্ছে।


সম্পর্কিত খবর