আন্তর্জাতিক
ইরানের নির্ধারিত রুট মেনেই হরমুজ পার হলো তেলবাহী ট্যাংকার

ইরানের সম্ভাব্য হামলা এড়াতে লোকেশন ট্র্যাকার বন্ধ রেখে তিনটি অপরিশোধিত তেলবাহী জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে—রয়টার্সের এমন প্রতিবেদনের পর এ বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছে ইরান।
দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ভিয়েতনামগামী ‘অ্যাজিওস ফ্যানোরিওস ওয়ান’ নামের বিশাল তেলবাহী ট্যাংকারটি ইরানের নির্ধারিত নৌপথ ব্যবহার করেই নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।
মাল্টার পতাকাবাহী জাহাজটিতে ইরাকের বসরা বন্দর থেকে তোলা অপরিশোধিত তেল রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগে রোববার রয়টার্স জানায়, অন্তত তিনটি জাহাজ নিরাপত্তাজনিত কারণে তাদের ট্রান্সপন্ডার বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা (AIS) বন্ধ রেখে হরমুজ প্রণালি পার হয়েছে।
তবে তাসনিমের দাবি, ‘অ্যাজিওস ফ্যানোরিওস ওয়ান’ ইরানের নির্দেশিত রুট মেনেই চলেছে এবং কোনো অস্বাভাবিকতা ঘটেনি।
জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য অনুযায়ী, ভিএলসিসি (VLCC) শ্রেণির এই ট্যাংকারটি বর্তমানে ওমান উপসাগরের দিকে অগ্রসর হচ্ছে। গত ১৭ এপ্রিল ইরাকের বসরা থেকে তেল বোঝাই করার পর এটি অন্তত দুবার হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেও সফল হয়নি। অবশেষে রোববার জাহাজটি সফলভাবে প্রণালিটি পার হয়।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তেজনার কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ফলে জাহাজ চলাচল ও রুট নিয়ে পরস্পরবিরোধী তথ্য আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, এ তথ্য প্রচারের মাধ্যমে হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি সক্ষমতা তুলে ধরতে চাইছে ইরান।







