বিনোদন
স্যামসাংয়ের বিরুদ্ধে দুয়া লিপার ১৫ মিলিয়ন ডলারের মামলা

অনুমতি ছাড়া টেলিভিশনের প্যাকেজিংয়ে নিজের ছবি ব্যবহারের অভিযোগে প্রযুক্তি জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে ১ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন বিশ্বখ্যাত পপ তারকা দুয়া লিপা।
গত শুক্রবার (৮ মে) ক্যালিফোর্নিয়ার সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, স্যামসাং তাদের বিভিন্ন টেলিভিশন মডেলের প্যাকেজিংয়ে দুয়া লিপার মুখাবয়ব সংবলিত একটি ছবি ব্যবহার করেছে, অথচ এ জন্য তার কোনো অনুমতি নেওয়া হয়নি।
৩০ বছর বয়সী এই শিল্পীর আইনজীবীরা দাবি করেছেন, স্যামসাং ইচ্ছাকৃতভাবে দুয়া লিপার বিশ্বব্যাপী জনপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্যকে কাজে লাগিয়ে নিজেদের পণ্যের বিক্রি বাড়ানোর চেষ্টা করেছে। মামলায় কপিরাইট লঙ্ঘন, ট্রেডমার্ক লঙ্ঘন এবং ব্যক্তিগত ছবি ও পরিচিতির অননুমোদিত ব্যবহারের অভিযোগ আনা হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে স্যামসাং বিশ্বজুড়ে তাদের টেলিভিশনের প্যাকেজিং ও প্রচারসামগ্রীতে দুয়া লিপার ওই ছবি ব্যবহার করে আসছে। ছবিটি ২০২৪ সালে 'অস্টিন সিটি লিমিটস ফেস্টিভ্যাল'-এর ব্যাকস্টেজে তোলা হয়েছিল এবং এর স্বত্ব ডুয়া লিপার নিজের।
দুয়া লিপার আইনজীবীরা জানান, এর আগে স্যামসাংকে একাধিকবার ‘সিজ অ্যান্ড ডিজিস্ট’ (ব্যবহার বন্ধের) নোটিশ পাঠানো হলেও প্রতিষ্ঠানটি তা উপেক্ষা করেছে।
মামলায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ভক্তদের কিছু মন্তব্যও সংযুক্ত করা হয়েছে। সেখানে দেখা যায়, অনেক ক্রেতা দুয়া লিপার ছবি দেখেই টেলিভিশনটি কেনার আগ্রহ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি টিভি কেনার পরিকল্পনাও করিনি, কিন্তু বক্সে ডুয়া লিপার ছবি দেখে কেনার সিদ্ধান্ত নিয়েছি।”
অন্যদিকে ইনস্টাগ্রামে এক ভক্ত মন্তব্য করেন, “শুধু দুয়া লিপার ছবি আছে বলেই আমি এই টিভিটি কিনব।”
উল্লেখ্য, ডুয়া লিপা বর্তমানেপুমা, ভারসাচি এবং ইভ সেন্ট লরেন্টের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করছেন। এছাড়া তিনি অ্যাপল, পোরশে এবং শ্যানেলের বিভিন্ন প্রচারণায় অংশ নিয়েছেন। সম্প্রতি তিনি নেসপ্রেসোর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন।







