আন্তর্জাতিক
লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত দুই বাংলাদেশি

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের বিমান হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।
সোমবার (১২ মে) দুপুরে নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে এ হামলার ঘটনা ঘটে।
নিহতরা হলেন শফিকুল ইসলাম ও মো. নাহিদুল ইসলাম।
শফিকুল ইসলামের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর এলাকায়। তার বাবার নাম আফসার আলী এবং মায়ের নাম আজেয়া খাতুন।
অন্যদিকে নাহিদুল ইসলামের বাড়ি আশাশুনি উপজেলার কাদাকাটি এলাকায়। তার বাবার নাম আব্দুল কাদের এবং মায়ের নাম নুরুন্নাহার খাতুন।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।
দূতাবাস জানায়, সোমবার দুপুর ১২টার দিকে দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ জেলার জিবদিন এলাকায় তাদের আবাসস্থলে ইসরাইলি বিমান হামলা হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। পরে তাদের মরদেহ নাবাতিয়েহর নাবাতিয়ের নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়।
দুই প্রবাসীর মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছে।
দূতাবাসের প্রথম সচিব (শ্রম) ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, নিহতদের মরদেহ দেশে পাঠানো এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।







