আন্তর্জাতিক
ইরানে সশস্ত্র গোষ্ঠীর সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর

ছবি: সংগৃহীত
ইরানে সশস্ত্র বিদ্রোহ ও একটি জঙ্গি গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগে আবদোলজালিল শাহবাখশ নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম ‘মিজান নিউজ’-এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদনে জানানো হয়, সিস্তান-বেলুচিস্তান প্রদেশে একটি পুলিশ স্থাপনায় হামলার দায়ে শাহবাখশকে অভিযুক্ত করা হয়। দেশটির নিরাপত্তা বাহিনীর দাবি, তিনি পূর্বাঞ্চলীয় ইরানে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় ধরা পড়েন।
তদন্ত সংশ্লিষ্টদের বরাত দিয়ে মিজান নিউজ আরও জানিয়েছে, শাহবাখশ প্রায় ছয় বছর আগে অবৈধভাবে ইরান ত্যাগ করেছিলেন। সে সময় তিনি প্রতিবেশী একটি দেশে অবস্থান করে সামরিক প্রশিক্ষণ নেন এবং পরবর্তীতে নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে দেশে ফিরে আসেন।
ইরানের সিস্তান-বেলুচিস্তান অঞ্চলটি দীর্ঘদিন ধরে সীমান্ত সংঘাত ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার কারণে আলোচিত। ওই এলাকায় রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করার দায়ে তাকে দোষী সাব্যস্ত করে আদালত এই সর্বোচ্চ সাজার রায় দেয়। অবশেষে আজ সকালে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।







