আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধারে পাকিস্তানের মধ্যস্থতা জোরদারের আহ্বান চীনের

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধারে পাকিস্তানের মধ্যস্থতা জোরদারের আহ্বান চীনের- খবরের থাম্বনেইল ফটো

হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরায় চালু করতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতা আরও জোরদার করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছে চীন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ আহ্বান জানান বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে।


সম্প্রতি এক টেলিফোন আলাপে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারকে এ আহ্বান জানান ওয়াং ই। আলোচনায় ইসহাক দার ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে পাকিস্তানের সাম্প্রতিক কূটনৈতিক উদ্যোগ সম্পর্কে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। পাশাপাশি তিনি এই উদ্যোগে চীনের সমর্থনের জন্য বেইজিংকে ধন্যবাদ জানান এবং দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের আশা প্রকাশ করেন।


ওয়াং ই পাকিস্তানের মধ্যস্থতামূলক ভূমিকাকে প্রশংসা করে বলেন, এ প্রচেষ্টা আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং অস্থায়ী যুদ্ধবিরতি সম্প্রসারণে সহায়ক হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান ভবিষ্যতেও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় কূটনৈতিক ভূমিকা অব্যাহত রাখবে।


চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বেইজিং পাকিস্তানের শান্তি উদ্যোগকে সমর্থন দিয়ে যাবে এবং এই সংকট নিরসনে নিজস্ব কূটনৈতিক ভূমিকা পালন অব্যাহত রাখবে।


সম্পর্কিত খবর