আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে চার বছরের মধ্যে সর্বোচ্চ ঊর্ধ্বমুখী মুদিপণ্যের দাম

যুক্তরাষ্ট্রে চার বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ হারে বেড়েছে মুদিপণ্যের দাম। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এপ্রিল মাসে দেশটিতে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মার্কিন শ্রম পরিসংখ্যান ব্যুরো (Bureau of Labor Statistics) জানায়, সাম্প্রতিক মাসগুলোতে খাদ্যদ্রব্যের দামে ধারাবাহিক চাপ লক্ষ্য করা যাচ্ছে, যা সামগ্রিক মূল্যস্ফীতির ওপরও প্রভাব ফেলছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন বৈশ্বিক ও আঞ্চলিক কারণে সরবরাহব্যবস্থা ও পরিবহন ব্যয় বৃদ্ধি পাওয়ায় নিত্যপণ্যের দামে এ উর্ধ্বগতি দেখা দিয়েছে। বিশেষ করে তাজা সবজির দামে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে, যেখানে তিন মাসের ব্যবধানে প্রায় ৪৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি দেখা গেছে।
একই সময়ে রুটি ও দুধের মতো মৌলিক খাদ্যপণ্যের দামও বেড়েছে। রুটির দাম প্রায় ৮ শতাংশ এবং দুধের দাম প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া কফি ও গরুর মাংসের বাজারেও অস্থিরতা দেখা দিয়েছে। চাহিদা বৃদ্ধি ও সরবরাহে চাপের কারণে গত তিন মাসে কফির দাম বার্ষিক হিসাবে ২২ শতাংশের বেশি বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অর্থনীতিবিদরা বলছেন, খাদ্যপণ্যের এই মূল্যবৃদ্ধি সামগ্রিকভাবে ভোক্তা ব্যয়ের ওপর চাপ বাড়াচ্ছে এবং আগামী মাসগুলোতে পরিস্থিতি আরও পরিবর্তনশীল থাকতে পারে।







