আন্তর্জাতিক

গুরুত্বপূর্ণ বৈঠকের আগে রেড কার্পেটে ট্রাম্প-শি করমর্দন

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

গুরুত্বপূর্ণ বৈঠকের আগে রেড কার্পেটে ট্রাম্প-শি করমর্দন- খবরের থাম্বনেইল ফটো

চীনের বেইজিংয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের আগে লাল গালিচায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে করমর্দন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।


এর আগে বিশেষ উড়োজাহাজ থেকে চীনে অবতরণের পরও প্রেসিডেন্ট ট্রাম্পকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।


বুধবার (১৩ মে) প্রেসিডেন্টের বিশেষ বিমান ‘এয়ারফোর্স ওয়ানে’ করে দুই দিনের সফরে বেইজিংয়ে পৌঁছান ট্রাম্প। বিমানবন্দরে অবতরণের পর তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।


ট্রাম্পকে স্বাগত জানান চীনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। এ সময় যুক্তরাষ্ট্র ও চীনের পতাকা উড়িয়ে ‘ওয়েলকাম, ওয়েলকাম’ স্লোগান দেওয়া হয়।


সফরকালে ট্রাম্প চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তার সঙ্গে এ সফরে এসেছেন টিম কুক, ইলন মাস্ক এবং ল্যারি ফিঙ্কসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা।


যদিও এই সফরটি গত মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ফেব্রুয়ারির শেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর তা স্থগিত করা হয়।


ইরান যুদ্ধ এবং এর সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে চীনের ক্রমবর্ধমান ভূমিকা দুই নেতার আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসতে পারে। তবে যুক্তরাষ্ট্র ত্যাগের আগে ট্রাম্প বলেন, ইরান ইস্যুতে তার শি জিনপিংয়ের সহায়তার প্রয়োজন নেই।


এ ছাড়া বাণিজ্য, প্রযুক্তি ও তাইওয়ান ইস্যুও এ সফরের আলোচ্যসূচিতে গুরুত্বপূর্ণ স্থান পেতে পারে।


ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, তিনি চীনের বাজারকে বড় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য আরও উন্মুক্ত করার আহ্বান জানাবেন।


হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, ট্রাম্পের এই সফরে ডজনখানেকের বেশি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা অংশ নিয়েছেন। প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের সম্মানে বিশেষ ভোজসভাসহ একাধিক কূটনৈতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন।


বিশ্লেষকদের মতে, এ সফর ট্রাম্পের ২০১৭ সালের চীন সফরের স্মৃতি ফিরিয়ে আনতে পারে। সে সময়ও বেইজিং তাকে বিশেষ মর্যাদায় অভ্যর্থনা জানিয়েছিল। এমনকি ‘নিষিদ্ধ নগরী’ সংলগ্ন এলাকায় বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছিল, যা এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য করা হয়নি।


সম্পর্কিত খবর