আন্তর্জাতিক
আফগান অভিবাসী প্রত্যাবাসন নিয়ে তালেবানের সঙ্গে বৈঠকে বসছে ইউরোপীয় কমিশন

আফগান অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে ইউরোপীয় কমিশন তালেবান কর্মকর্তাদের সঙ্গে কারিগরি পর্যায়ে বৈঠক করার পরিকল্পনা করছে। মূলত ইউরোপের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত আফগান নাগরিকদের আফগানিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে এই আলোচনা অনুষ্ঠিত হবে।
২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে পশ্চিমা দেশগুলো তাদের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। তবে সুইডেন-সহ কয়েকটি ইউরোপীয় দেশের অনুরোধে এই বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র মার্কাস ল্যামার্ট জানান, ইউরোপের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত আফগান নাগরিকদের প্রত্যাবাসনই এই আলোচনার মূল উদ্দেশ্য। তিনি স্পষ্ট করে বলেন, এই বৈঠকের মাধ্যমে তালেবান সরকারকে কোনো ধরনের রাজনৈতিক স্বীকৃতি দেওয়া হচ্ছে না।
অন্যদিকে, বিভিন্ন মানবাধিকার সংগঠন এই উদ্যোগের তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, তালেবানের সঙ্গে এ ধরনের সমঝোতা আফগান শরণার্থীদের জীবন ও নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মুখে ফেলতে পারে।







