সারাদেশ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত- খবরের থাম্বনেইল ফটো

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ছররা গুলিতে মো. খাদেমুল (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।


বৃহস্পতিবার (১৪ মে) গভীর রাত আনুমানিক ২টার দিকে বনচৌকি বিওপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত খাদেমুল ওই উপজেলার উত্তর আমঝোল গ্রামের আমজাদ হোসেনের ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৯০৫/৬-এস-এর প্রায় ১৫০ গজ ভারতের অভ্যন্তরে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি কাঁটাতারের বেড়ার কাছে গেলে ভারতের ৭৮ বিএসএফ ব্যাটালিয়নের পাগলামারী ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় গুরুতর আঘাত লাগে।


গুলিবিদ্ধ অবস্থায় তিনি কোনোভাবে বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন। পরে স্থানীয়রা ও তার সহযোগীরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেওয়া হচ্ছে।


সম্পর্কিত খবর