আন্তর্জাতিক

নাকবার ৭৮তম বার্ষিকীতে নিউইয়র্কে শত শত মানুষের বিক্ষোভ

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

নাকবার ৭৮তম বার্ষিকীতে নিউইয়র্কে শত শত মানুষের বিক্ষোভ- খবরের থাম্বনেইল ফটো

নাকবার ৭৮তম বার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। শুক্রবার ম্যানহাটনের রাস্তায় অনুষ্ঠিত এ বিক্ষোভের আয়োজন করে ‘উইদিন আওয়ার লাইফটাইম’ নামের একটি সংগঠন।


এ সমাবেশ এমন সময়ে অনুষ্ঠিত হলো, যখন ফিলিস্তিনি শরণার্থীদের অধিকারের স্বীকৃতি দিতে নতুন একটি প্রস্তাব উত্থাপন করেছেন কংগ্রেস সদস্য রাশিদা তালিব।


সমাবেশে অংশ নেওয়া এক বিক্ষোভকারী বলেন, “নাকবাকে স্বীকৃতি দেওয়া শুধু যুক্তরাষ্ট্রের জন্য নয়, বরং বিশ্বের সব দেশের জন্যই জরুরি।”


তিনি আরও বলেন, “নাকবা হলো চলমান গণহত্যার প্রতীক। ফিলিস্তিনিদের নিজভূমিতে ফিরিয়ে নেওয়া এবং তাদের স্বাধীনতা নিশ্চিত করতে নাকবার ইতিহাস সবার জানা প্রয়োজন।”


আরেকজন অংশগ্রহণকারী বলেন, “ফিলিস্তিন দখলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতেই আমরা এখানে এসেছি। আমরা আমাদের জীবদ্দশায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র দেখতে চাই।”


বিক্ষোভকারীরা ফিলিস্তিনে গণহত্যা ও দখলদারিত্ব বন্ধের আহ্বান জানান।


নাকবা দিবসের সূচনা ১৯৪৮ সালের ১৫ মে শুরু হওয়া আরব-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে। এর এক দিন আগে, ১৪ মে, ইসরাইল নিজেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। সে সময় অঞ্চলটি ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ‘ম্যান্ডেট প্যালেস্টাইন’-এর অংশ ছিল।


ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণার পর ওই অঞ্চলের বিপুলসংখ্যক আরব বাসিন্দাকে বহিষ্কার করা হয় অথবা তারা এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন।


প্রতিবছর নাকবা দিবসে ফিলিস্তিনিরা বিভিন্ন কর্মসূচি ও বিক্ষোভের আয়োজন করে। এ উপলক্ষে ইসরাইল-ফিলিস্তিন সীমান্ত এলাকায় উত্তেজনাও বৃদ্ধি পায়।


সম্পর্কিত খবর