আন্তর্জাতিক

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করায় এফবিআই খুঁজছে সাবেক বিমানবাহিনী কর্মকর্তাকে

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করায় এফবিআই খুঁজছে সাবেক বিমানবাহিনী কর্মকর্তাকে- খবরের থাম্বনেইল ফটো

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক বিমানবাহিনী কর্মকর্তা মনিকা উইটকে খুঁজে পেতে তথ্যদাতাদের জন্য ২ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। তিনি বর্তমানে পলাতক এবং ধারণা করা হচ্ছে, ইরানে অবস্থান করছেন।


যুক্তরাষ্ট্রের অভিযোগ অনুযায়ী, মনিকা উইট ১৯৯৭ থেকে ২০০৮ সাল পর্যন্ত মার্কিন বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। পরবর্তীতে ২০১০ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র সরকারের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কাজ করেন। দায়িত্ব পালনকালে তিনি বিদেশি গোয়েন্দা কার্যক্রম এবং দ্বৈত গুপ্তচরবৃত্তি–সংক্রান্ত অত্যন্ত গোপন নথিতে প্রবেশাধিকার পান। এসব নথির মধ্যে বিভিন্ন দেশে কর্মরত মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের পরিচয় সংক্রান্ত তথ্যও ছিল।


তদন্ত সংস্থার দাবি, ২০১৩ সালে তিনি ইরানে চলে যান এবং দেশটির সরকারের কাছে যুক্তরাষ্ট্রের সংবেদনশীল প্রতিরক্ষা তথ্য সরবরাহ করতে শুরু করেন। এতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মসূচি মারাত্মক ঝুঁকিতে পড়ে।


অভিযোগ রয়েছে, তিনি বিদেশে অবস্থানরত মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও তাদের পরিবারের ব্যক্তিগত তথ্যও ইরানি পক্ষের কাছে সরবরাহ করেন। এর মাধ্যমে ইরান ওই কর্মকর্তাদের শনাক্ত করতে সক্ষম হয় বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে তিনি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে সহায়তা করেছেন বলেও অভিযোগ রয়েছে।


ফক্স নিউজের বরাতে জানা যায়, মনিকা উইট ফারসি ভাষায় পারদর্শী এবং তিনি ‘ফাতেমাহ জাহরা’ ও ‘নার্গিস উইট’ নামেও পরিচিত। বর্তমানে তাকে যুক্তরাষ্ট্রে পলাতক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।


ওয়াশিংটন ডিসির পাল্টা গোয়েন্দা ও সাইবার বিভাগের প্রধান ড্যানিয়েল বিয়েরজবিকি বলেন, মনিকা উইট এক দশকেরও বেশি আগে যুক্তরাষ্ট্রের প্রতি তার শপথ ভঙ্গ করেছেন এবং ইরানে পালিয়ে গিয়ে সংবেদনশীল প্রতিরক্ষা তথ্য ফাঁস করেছেন।


এফবিআই জানায়, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ইন্ডাইটমেন্ট) দাখিল করে। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতিরক্ষা–সংক্রান্ত গোপন তথ্য ইরান সরকারের কাছে সরবরাহের অভিযোগ আনা হয়েছে।


এফবিআই জানিয়েছে, মনিকা উইট সম্পর্কে কোনো তথ্য থাকলে স্থানীয় ফিল্ড অফিস, নিকটস্থ মার্কিন দূতাবাস অথবা নির্ধারিত তথ্য প্রদান ব্যবস্থার মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।


সম্পর্কিত খবর