সারাদেশ

রাজশাহীতে শ্রমিক বিরোধে সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে

প্রাইম বাংলাদেশ ডেস্ক

শেয়ারঃ

রাজশাহীতে শ্রমিক বিরোধে সব রুটে বাস চলাচল বন্ধ, যাত্রী দুর্ভোগ চরমে- খবরের থাম্বনেইল ফটো

রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটি ঘিরে অভ্যন্তরীণ বিরোধের জেরে সোমবার (১৮ মে) সকাল থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। আকস্মিক এই কর্মবিরতির কারণে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।


শ্রমিকদের একটি অংশ রোববার (১৭ মে) কেন্দ্রীয় ফেডারেশন ঘোষিত নতুন কমিটি প্রত্যাখ্যান করে বাস চলাচল বন্ধের ঘোষণা দেন। এর ফলে সকালে থেকেই রাজশাহীর প্রধান বাস টার্মিনালগুলোতে কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।


জানা গেছে, রোববার কেন্দ্রীয় ফেডারেশন থেকে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি এবং মমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যের রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে এই কমিটি মেনে নিতে নারাজ একটি পক্ষ তাৎক্ষণিকভাবে কর্মবিরতির কর্মসূচি শুরু করে।


রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, নতুন কমিটির অধীনে তারা বাস চালাতে রাজি নন বলেই পরিবহন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।


অন্যদিকে নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম দাবি করেন, কেন্দ্রীয় ফেডারেশন স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেই এই কমিটি গঠন করেছে। তাঁর মতে, কিছু শ্রমিক কমিটিতে স্থান না পাওয়ায় তারা ইচ্ছাকৃতভাবে পরিবহন বন্ধ রেখেছে।


তিনি আরও জানান, আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।


এদিকে বাস চলাচল বন্ধ থাকায় সকাল থেকেই বিভিন্ন টার্মিনালে যাত্রীরা ভোগান্তিতে পড়েন। অনেককে বিকল্প যানবাহন ব্যবহার করতে হচ্ছে, আবার কেউ কেউ বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন।


সম্পর্কিত খবর