বিনোদন
ইরানে আবার বিচারের মুখোমুখি নির্মাতা জাফর পানাহি

ইরান সরকারের কঠোর নিষেধাজ্ঞা ও সেন্সরশিপের বিরুদ্ধে আজীবন লড়াই করে আসা বিশ্ববিখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক জাফর পানাহি আবারও আইনি জটিলতার মুখে পড়েছেন। তেহরানের একটি বিপ্লবী আদালত তাঁর বিরুদ্ধে নতুন করে বিচারপ্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে। পানাহির বিরুদ্ধে মূল অভিযোগ রাষ্ট্রবিরোধী প্রচারণা চালানো।
হলিউড রিপোর্টার ও ইরানি বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে “রাষ্ট্রবিরোধী প্রচার” এবং “অননুমোদিত চলচ্চিত্র নির্মাণ ও তা আন্তর্জাতিক উৎসবে পাঠানো”—এই পুরোনো অভিযোগগুলো নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে শুনানির জন্য আগামী ২০ মে আদালতে তলব করা হয়েছে পানাহিকে।
জাফর পানাহির বিরুদ্ধে এই আইনি পদক্ষেপের খবর প্রকাশ্যে আসতেই বিশ্ব চলচ্চিত্র অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ইউরোপীয় ফিল্ম একাডেমি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা ইরান সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, ভিন্নমতাবলম্বী ও স্বাধীনচেতা শিল্পীদের কণ্ঠরোধে বিচারব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।
ইরান সরকার কয়েক দশক ধরে জাফর পানাহির ওপর চলচ্চিত্র নির্মাণ এবং দেশত্যাগের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। একাধিকবার তাঁকে গ্রেপ্তারও করা হয়েছে। সর্বশেষ ২০২২ সালের জুলাই মাসে তিনি গ্রেপ্তার হন। প্রায় সাত মাস বন্দী থাকার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে অনশন শুরু করলে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়।
কারাগার থেকে বেরিয়ে গোপনে তিনি ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ সিনেমার শুটিং করেন, যা ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে এবং অস্কার, গোল্ডেন গ্লোবসহ একাধিক আন্তর্জাতিক আসরে মনোনয়ন পায়।
সিনেমাটির আন্তর্জাতিক মুক্তির প্রচারণা ও অস্কারে অংশ নিতে গত বছরের শেষ দিক থেকে তিনি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাঁর অনুপস্থিতিতেই গত ডিসেম্বরে ইরানের বিপ্লবী আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড ও দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার আদেশ দেন। কারাদণ্ডের ঝুঁকি উপেক্ষা করে গত ৩১ মার্চ তিনি ইরানে ফিরে যান।







