বিনোদন
মার্কিন রাজনীতি ও ফিলিস্তিন ইস্যুতে সরব পেদ্রো

স্প্যানিশ নির্মাতা পেদ্রো আলমোদোভার এবারের কান চলচ্চিত্র উৎসবের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব। এর আগে কানের মূল প্রতিযোগিতা বিভাগে তাঁর সাতটি সিনেমা স্থান পেয়েছে। এখনো স্বর্ণপাম না জিতলেও তিনি সেরা পরিচালক ও সেরা চিত্রনাট্যকারের পুরস্কার অর্জন করেছেন। এবার অষ্টমবারের মতো মূল প্রতিযোগিতায় জায়গা পেয়েছে তাঁর নতুন সিনেমা ‘বিটার ক্রিসমাস’। গত মঙ্গলবার কান উৎসবে সিনেমাটির প্রিমিয়ার ঘিরে ব্যাপক সাড়া পড়ে।
৭৬ বছর বয়সী এই নির্মাতা ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা ব্যাজ লাগিয়ে কানের রেড কার্পেটে হাজির হন। পরে সংবাদ সম্মেলনে তিনি বর্তমান বৈশ্বিক রাজনীতি নিয়ে কঠোর সমালোচনা করেন। শিল্পীদের সামাজিক ও রাজনৈতিক বিষয়ে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আলমোদোভার বলেন, ‘নীরবতা ও ভয় পরিস্থিতির অবনতির লক্ষণ। এই কঠিন সময়ে সমাজের অন্যায় ও রাজনৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে কথা বলা শিল্পীদের নৈতিক দায়িত্ব।’
এ সময় স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেমেরও প্রশংসা করেন তিনি। অস্কার অনুষ্ঠানকে অরাজনৈতিক রাখার চেষ্টা সত্ত্বেও ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় বারদেমকে ব্যতিক্রমী কণ্ঠ হিসেবে উল্লেখ করেন আলমোদোভার। তিনি বলেন, ‘অস্কারের সম্প্রচার দেখার সময় স্পষ্ট বোঝা গেছে, যুদ্ধ বা ট্রাম্পের বিরুদ্ধে তেমন কোনো প্রতিবাদ ছিল না। একমাত্র ব্যতিক্রম ছিলেন আমার বন্ধু হাভিয়ের বারদেম, যিনি সরাসরি “ফ্রি প্যালেস্টাইন” বলেছেন।’
সংবাদ সম্মেলনে মার্কিন রাজনীতি ও ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন নিয়েও মন্তব্য করেন পেদ্রো আলমোদোভার। তাঁর ভাষায়, ‘যুক্তরাষ্ট্রে এখন প্রকৃত গণতন্ত্র নেই। কেউ কেউ এটিকে ত্রুটিপূর্ণ গণতন্ত্র বলেন, কিন্তু আমি মনে করি সেখানে গণতন্ত্রই অনুপস্থিত। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, ভোটাধিকার প্রক্রিয়ার মাধ্যমেই এমন একনায়কতান্ত্রিক শাসনের উত্থান ঘটেছে। ইউরোপের উচিত ট্রাম্পের ক্ষতিকর রাজনৈতিক নীতির সামনে মাথানত না করা।’







