আন্তর্জাতিক
কলকাতার রেড রোডে ঐতিহ্যবাহী ঈদের নামাজ বাতিল

কলকাতার প্রাণকেন্দ্র রেড রোডে অনুষ্ঠিত হওয়া ঐতিহ্যবাহী ঈদের জামাত কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি শহরের দীর্ঘদিনের সম্প্রীতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে এবার সেই দীর্ঘদিনের ইতিহাসে পরিবর্তন এসেছে। রেড রোডে ঈদের নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়নি। রাস্তা বন্ধ করে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের বিষয়ে সরকারি নীতির কথা উল্লেখ করে কার্যত শতাব্দীপ্রাচীন এই ঐতিহ্যবাহী জামাত সেখানে বন্ধ হয়ে গেছে।
মুসলিম সম্প্রদায়ের প্রত্যাশা ছিল, আগের মতো এবারও অনুমতি পাওয়া যাবে এবং রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় সুষ্ঠুভাবে নামাজ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি।
রেড রোডে অনুমতি না পাওয়ায় বাধ্য হয়ে এবারের ঈদের জামাতের স্থান পরিবর্তন করা হয়েছে। শুক্রবার খিলাফত কমিটির সভাপতি জাভেদ আহমেদ খান জানিয়েছেন, এবার ঈদের জামাত অনুষ্ঠিত হবে শহরের আরেক ঐতিহাসিক স্থান ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ইতোমধ্যে সেনা কর্তৃপক্ষের কাছ থেকে সেখানে নামাজ পড়ার চূড়ান্ত অনুমোদন পাওয়া গেছে। ঈদের দিন সকাল ৮টা ৩০ মিনিটে জামাত শুরু হওয়ার কথা রয়েছে। নামাজ পড়াবেন ইমামে ঈদাইন ক্বারী ফজলুর রহমান।
রেড রোডে ঈদের নামাজের ইতিহাস দীর্ঘদিনের। ১৯১৯ সাল থেকে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে এই নামাজ অনুষ্ঠিত হতো শহীদ মিনারে, কিন্তু বৃষ্টি ও বর্ষার কারণে পরে তা রেড রোডে স্থানান্তর করা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এবং ২০২০ ও ২০২১ সালের করোনা পরিস্থিতি ছাড়া এই ঐতিহ্যে বড় ধরনের ছেদ পড়েনি।
বর্তমানে রেড রোড, যা ইন্দিরা গান্ধী সরণি নামেও পরিচিত, সেখানে নামাজ আয়োজনের জন্য পুলিশ ও প্রশাসনের অনুমতি প্রয়োজন হয়।
এই সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায়ের মধ্যে হতাশা তৈরি হয়েছে। তাদের মতে, রেড রোডের ঈদের জামাত কলকাতার সম্প্রীতির একটি অনন্য উদাহরণ ছিল। তাদের দাবি, বছরে মাত্র দুটি দিন কয়েক ঘণ্টার জন্য এই রাস্তাটি ব্যবহার করা হলেও তা শহরের সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। তারা মনে করছেন, নতুন সিদ্ধান্ত ঐতিহ্যের ধারাবাহিকতায় পরিবর্তন এনেছে।








