সারাদেশ
ঝিনাইদহে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন, ব্যবস্থাপনায় হস্তক্ষেপ বন্ধের দাবি

ঝিনাইদহে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার সকালে শহরের শের-ই-বাংলা সড়কে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে ব্যানার ও ফেস্টুনসহ দুই শতাধিক গ্রাহক অংশ নেন।
মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের নেতা ড. মোস্তাফিজুর রহমান মানিক, আব্দুল কুদ্দুস, জিয়াউল ইসলাম খান, হাদী মোহাম্মদ, আব্দুর রহমান সালাফী, সদস্য সচিব মো. আব্দুল মোমেন, সবুর আহমেদসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, সরকারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন নীতিগত ও প্রশাসনিক হস্তক্ষেপের কারণে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সংকটের মুখে পড়েছে। তাদের দাবি, সাম্প্রতিক সিদ্ধান্তগুলো ইসলামী ব্যাংকের স্বকীয়তা ও কার্যক্রমকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে, যার প্রভাব পড়ছে ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম এবং গ্রাহকদের আস্থার ওপরও।
তারা আরও অভিযোগ করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুককে সাময়িক ছুটিতে পাঠিয়ে তাকে স্থায়ীভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এ ধরনের উদ্যোগের প্রতি গভীর উদ্বেগ জানিয়ে বক্তারা অবিলম্বে তাকে তার দায়িত্বে পুনর্বহালের দাবি জানান।
এছাড়া ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বকীয়তা বজায় রাখা, গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যাংকের কার্যক্রমে কোনো ধরনের হস্তক্ষেপ বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।








