আন্তর্জাতিক
যেকোনো নতুন আগ্রাসনের “বিধ্বংসী জবাব” দেওয়া হবে

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি বলেছেন, দেশের সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র, বিমান, নৌ, স্থল, মহাকাশ ও সাইবারসহ সব ক্ষেত্রে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখেছে। তিনি সতর্ক করে বলেন, যেকোনো নতুন হামলার শক্তিশালী ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।
রোববার এক বিবৃতিতে তিনি ইরাক–ইরান যুদ্ধের সময় কৌশলগত বন্দরনগরী খোররামশাহর মুক্তির ৪৪তম বার্ষিকী এবং জাতীয় প্রতিরোধ, ত্যাগ ও বিজয় দিবস স্মরণ করেন।
বিবৃতিতে বলা হয়, ইরানের সশস্ত্র বাহিনী সক্রিয় প্রতিরোধ সক্ষমতা বজায় রেখেছে এবং আঞ্চলিক ও বৈশ্বিক হুমকির জবাব দিতে প্রস্তুত।
ভাহিদি দাবি করেন, ৪০ দিনের প্রতিরোধ ও পাল্টা হামলার মুখে শত্রুপক্ষ শেষ পর্যন্ত “অপমানিত হয়ে” যুদ্ধবিরতির দিকে যেতে বাধ্য হয়েছিল।
তিনি আরও বলেন, পারমাণবিক, ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ও আক্রমণাত্মক সক্ষমতায় ইরানের অগ্রগতি প্রতিপক্ষদের কৌশলগত হিসাব-নিকাশ পুনর্বিবেচনা করতে বাধ্য করছে।
সতর্ক বার্তায় তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের জবাব আঞ্চলিক ও আন্তঃআঞ্চলিক পর্যায়ে “বিধ্বংসী ও ভয়াবহ প্রতিক্রিয়ার” মাধ্যমে দেওয়া হবে।








