সারাদেশ
চৌদ্দগ্রামে ইসলামী ব্যাংক ঘিরে হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় রোববার সকালে ইসলামী ব্যাংকের কার্যক্রমে সরকার ও বাংলাদেশ ব্যাংকের “হস্তক্ষেপের” অভিযোগ তুলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
চৌদ্দগ্রাম বাজার এলাকায় ইসলামী ব্যাংক শাখার সামনে “সচেতন গ্রাহক ফোরাম”-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের গ্রাহক, স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন সমাজসেবক ও ব্যাংক গ্রাহক কাজী মো. ইয়াছিন, অধ্যাপক শফিকুর রহমান, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেনসহ আরও অনেকে। কর্মসূচি সঞ্চালনা করেন ব্যবসায়ী ও ব্যাংকের গ্রাহক আবদুল্লাহ আল মাছুম।
বক্তারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের কার্যক্রমে “অযাচিত হস্তক্ষেপ” করা হচ্ছে, যা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে এবং গ্রাহকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে। তারা ব্যাংকের সুশাসন ও স্থিতিশীলতা নিশ্চিত করে গ্রাহক আস্থা ফিরিয়ে আনার দাবি জানান।
এ সময় তারা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবি জানান। পাশাপাশি উপব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন জসীমকে অপসারণের আহ্বান জানিয়ে তাকে ব্যাংকের জন্য ক্ষতিকর হিসেবে উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, বর্তমান চেয়ারম্যান ড. জুবায়দুর রহমান ব্যাংকের কাঙ্ক্ষিত অগ্রগতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তাই তার পদত্যাগ প্রয়োজন বলে দাবি করেন তারা।
তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে “অবৈধ হস্তক্ষেপ” বন্ধের আহ্বান জানান এবং ব্যাংকিং খাতকে দুর্বল করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধের দাবি করেন।
এছাড়া আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলমকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বাধীনতা, স্থিতিশীলতা ও গ্রাহক স্বার্থ রক্ষায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।








