জাতীয়
জাবি ভিসি হলেন বিএনপির নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় এলাকায় নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য ইউনিভার্সিটি টিচার্স’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এবং মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “দায়িত্বপ্রাপ্তদের সংশ্লিষ্ট এলাকার নির্বাচনী আসনে বিএনপির এমপি প্রার্থী ও দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় রক্ষা, নির্বাচনী কার্যক্রম পরিচালনা এবং পরিবীক্ষণের লক্ষ্যে কেন্দ্রীয়ভাবে এ কমিটি গঠন করা হয়েছে।”
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম।
এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন—অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম সরকার এবং অধ্যাপক ড. রইছ উদ্দীন।
উল্লেখ্য, ইউনিভার্সিটি টিচার্স’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) হলো বিএনপি-সমর্থিত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একটি সংগঠন। সংগঠনটি শিক্ষকদের পেশাগত অধিকার, সুযোগ-সুবিধা, গবেষণা কার্যক্রম এবং শিক্ষা-বান্ধব পরিবেশ উন্নয়নে কাজ করে থাকে।








