আন্তর্জাতিক

ডিআর কঙ্গোতে ইবোলা রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও

ডেস্ক

শেয়ারঃ

ডিআর কঙ্গোতে ইবোলা রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে: ডব্লিউএইচও- খবরের থাম্বনেইল ফটো

সংঘাতকবলিত গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোয় ইবোলা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়াসুস। খবর বার্তা সংস্থা এএফপির।


রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে টেড্রোস আধানম গেব্রেয়াসুস জানান, ডিআর কঙ্গোয় ইবোলা মোকাবিলায় নজরদারি কার্যক্রম জোরদার করার পর এখন পর্যন্ত ৯ শতাধিক সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০১ জনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। তবে তিনি মৃতের সংখ্যা সম্পর্কে নতুন কোনো তথ্য দেননি।


ইবোলা একটি প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ, যা আক্রান্ত ব্যক্তির শরীরের তরল পদার্থের সংস্পর্শে ছড়িয়ে পড়ে। এ রোগে তীব্র রক্তক্ষরণ, জ্বর, দুর্বলতা এবং বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যাওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।


গত ১৫ মে ডিআর কঙ্গো সরকার দেশটিতে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করে। এবারের সংক্রমণ ‘বুন্ডিবুগিও’ ধরনের ভাইরাস থেকে ছড়িয়েছে বলে জানা গেছে, যার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা বা কার্যকর চিকিৎসা নেই।


গত শনিবার প্রকাশিত এক হালনাগাদ তথ্যে ডিআর কঙ্গোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মধ্য আফ্রিকার এই দেশের তিনটি প্রদেশে ৮৬৭টি সন্দেহভাজন ইবোলা সংক্রমণের ঘটনায় ২০৪ জনের মৃত্যু হয়েছে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, সংঘাত ও নিরাপত্তাহীনতার কারণে আক্রান্ত এলাকাগুলোতে চিকিৎসা ও নজরদারি কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। ফলে সংক্রমণ আরও বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে।


গত অর্ধশতকে আফ্রিকার বিভিন্ন দেশে ইবোলা ভাইরাসে ১৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত শনাক্তকরণ, আক্রান্তদের আলাদা রাখা এবং সচেতনতা বৃদ্ধি ছাড়া এই প্রাণঘাতী রোগ নিয়ন্ত্রণ করা কঠিন হবে।


সম্পর্কিত খবর