সারাদেশ
হবিগঞ্জের চার চা-বাগানে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

হবিগঞ্জের চারটি চা-বাগানে বকেয়া বেতন, রেশন, উৎসব বোনাসসহ সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চা-শ্রমিকেরা। সোমবার সকাল থেকে চুনারুঘাটের দেউন্দি, লালচান, মৃতিঙ্গা এবং মাধবপুরের নোয়াপাড়া চা-বাগানে শ্রমিকরা কর্মবিরতি পালন করছেন।
শ্রমিকদের অভিযোগ, গত কয়েক সপ্তাহ ধরে নিয়মিত সাপ্তাহিক তলবি বেতন পাচ্ছেন না তাঁরা। এতে প্রায় পাঁচ হাজার শ্রমিক চরম আর্থিক সংকটে পড়েছেন এবং পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। পাশাপাশি বেতন, ঈদ/উৎসব বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শ্রমিকদের দাবি, গত ৬ মে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে মালিক, শ্রমিক ও শ্রম অধিদপ্তরের ত্রিপক্ষীয় বৈঠকে দ্রুত বকেয়া পরিশোধসহ একাধিক সিদ্ধান্ত হয়। এতে জরাজীর্ণ ঘর সংস্কার, চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ, বকেয়া বেতন, রেশন, প্রভিডেন্ট ফান্ড ও নিয়মিত সাপ্তাহিক তলবি প্রদানের বিষয় অন্তর্ভুক্ত ছিল। তবে শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি।
এ অবস্থায় দেউন্দি কোম্পানির অধীন চারটি বাগানের শ্রমিকরা সকাল থেকে কাজ বন্ধ রেখে নাট্যমন্দিরে অবস্থান কর্মসূচি পালন করছেন।
দেউন্দি চা-বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন, মালিকপক্ষ দীর্ঘদিন ধরে সমস্যার সমাধানের আশ্বাস দিলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ৬ মে’র বৈঠকের সিদ্ধান্তও বাস্তবায়ন হয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলেও জানান তিনি।








