সারাদেশ
বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিপর্যয় ঘটেছে।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল, ডাইভার্ট এবং কয়েক ঘণ্টা বিলম্বিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-138 ফ্লাইটটি মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে চট্টগ্রামে অবতরণের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেটি ঢাকায় ডাইভার্ট করা হয়। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুর ২টা ১ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে ফিরে আসে এবং বিকেল ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা করে।
এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটের BS-342 ফ্লাইটটি প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে একই এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের BS-105 ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে সম্পূর্ণভাবে বাতিল করা হয়।
আন্তর্জাতিক রুটের ফ্লাইদুবাই এয়ারলাইনসের FDB-564 (চট্টগ্রাম-দুবাই) ফ্লাইটটিও শিডিউল বিপর্যয়ের মুখে পড়ে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৩ ঘণ্টা বিলম্বে দুপুর ১২টা ১৬ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং বিমান চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ফ্লাইটগুলোর শিডিউলে এ পরিবর্তন ও বাতিল করা হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।







