জাতীয়
ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ফিরছে মানুষ

ঈদুল আজহার দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন অসংখ্য মানুষ। শুক্রবার সকাল থেকে বিভিন্ন বাস টার্মিনাল ও কাউন্টারে যাত্রীদের ভিড় দেখা গেছে। বিভিন্ন কাজের ব্যস্ততা এবং সময়মতো টিকিট সংগ্রহ করতে না পারায় অনেকে আজ গ্রামের পথে রওনা হয়েছেন। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে তারা ছুটছেন নিজ নিজ গন্তব্যে।
এছাড়া নির্ধারিত বাসস্ট্যান্ডের পাশাপাশি বিভিন্ন সড়কের মোড় থেকেও যাত্রীদের বাসে উঠতে দেখা গেছে। তবে ঈদের ছুটির আমেজে রাজধানী ঢাকা এখন অনেকটাই কোলাহলমুক্ত ও ফাঁকা।
যাত্রীদের একাংশ জানান, তারা ঈদের প্রথম দিনটি ঢাকায় পরিবারের সঙ্গে কাটিয়েছেন। আজ ঈদের দ্বিতীয় দিনে গ্রামের বাড়িতে থাকা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে এবং ঈদের বাকি ছুটি উপভোগ করতে ঢাকা ছাড়ছেন।
এদিকে ঈদের দ্বিতীয় দিনের সকালে কোলাহলমুক্ত ফাঁকা ঢাকার বাতাসের মানেও মিলেছে স্বস্তির খবর। খুব সকালে বায়ুমান ‘সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে।
শুক্রবার (২৯ মে) বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা IQAir–এর সূচক থেকে এ তথ্য জানা গেছে।






