আন্তর্জাতিক

সীমান্ত সুরক্ষায় বিএসএফকে ৭২১ হেক্টর জমি দিলো পশ্চিমবঙ্গ

ডেস্ক

শেয়ারঃ

সীমান্ত সুরক্ষায় বিএসএফকে ৭২১ হেক্টর জমি দিলো পশ্চিমবঙ্গ- খবরের থাম্বনেইল ফটো

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-কে মোট ৭২১ একর জমি দিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ তথ্য নিশ্চিত করেছেন।


ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ করতেই এ জমি বরাদ্দ দিয়েছে পশ্চিমবঙ্গ।


গতকাল বৃহস্পতিবার ভারতের গুজরাট অঙ্গরাজ্যের গান্ধীনগর শহরে আয়োজিত এক সভায় অমিত শাহ বলেছেন, এই ৭২১ হেক্টর জমির মধ্যে ৬০০ হেক্টর জমি বাংলাদেশ-পশ্চিমবঙ্গ বিভিন্ন সীমান্তবর্তী অঞ্চলের এবং বাকি ১২১ হেক্টর জমি স্পর্শকাতর চিকেন্স নেক এলাকার।


বাংলাদেশের সঙ্গে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে— পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এই রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সীমান্তের বিস্তৃতি সবচেয়ে বেশি। বাংলাদেশের ১০ টি জেলার সঙ্গে সীমান্ত আছে পশ্চিমবঙ্গের।


বাংলাদেশ-পশ্চিমবঙ্গ সীমান্তের অধিকাংশ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া থাকলেও কিছু কিছু অংশ অরক্ষিত ছিল। অরক্ষিত সেসব অংশে বেড়া নির্মাণের জন্য পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমি চেয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়; কিন্তু বিভিন্ন জটিলতার কারণে মমতার আমলে ভারতের কেন্দ্রীয় সরকারের সেই চাওয়া পূরণ হয়নি।


এবারের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গে রাজ্য সরকার গঠন করেছে বিজেপি; সেই সরকারের মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের ‘হেভিওয়েট’ নেতা ছিলেন। গত ৯ মে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন শুভেন্দু।


গান্ধীনগরের জনসভায় অমিত শাহ বলেছেন, শপথ গ্রহণের সাত দিনের মাথায় বিএসএফকে জমি হস্তান্তর করেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।


সম্পর্কিত খবর