জাতীয়
এইচআরএসএস রিপোর্ট:
মে মাসেই নির্যাতনের শিকার ৩০৫ নারী ও শিশু, আত্মহত্যা ৪৬

HRSS
মানবাধিকার সংগঠন Human Rights Support Society (HRSS)-এর মে ২০২৬ মাসের মানবাধিকার প্রতিবেদনে দেখা গেছে, গত মে মাসেই সারা দেশে অন্তত ৩০৫ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। একই সময়ে অন্তত ২১৫ জন শিশু বিভিন্ন ধরনের নির্যাতনের মুখোমুখি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মে মাসে কমপক্ষে ৩০৫ জন নারী ও কন্যা শিশু নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন অন্তত ৮৩ জন, যাদের মধ্যে ৫৭ (৭০%) জন ১৮ বছরের কম বয়সী শিশু ও কিশোরী। এটা অত্যন্ত উদ্বেগের বিষয় যে, ১৭জন নারী ও কন্যা শিশু গণধর্ষণের শিকার হয়েছেন এবং ধর্ষণেরর পর হত্যা করা হয়েছে ৬ জনকে যাদের মধ্যে শিশু ৪ জন। ৭৬ জন নারী ও কন্যা শিশু যৌন নিপীড়ণের শিকার হয়েছেন তন্মধ্যে শিশু ৪২ জন। পারিবারিক সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন ৬৩ জন, আহত হয়েছেন ৩১ জন এবং আত্মহত্যা করেছেন ৪৫ জন নারী। এছাড়া, যৌতুকের জন্য নির্যাতনের ঘটনায় নিহত ৩, আহত ৪, এবং আত্মহত্যা করেছেন ১ জন নারী। অন্যদিকে এসিড নিক্ষেপ ঘটনায় আহত হয়েছেন ১ জন নারী।
গত ১৯ মে রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার সহযোগী স্ত্রী স্বপ্না আক্তারে (২৬) লামিসা আক্তার নামের ৭ বছরের শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়। গত ০৩ মে ফরিদপুরে ধর্ষণে ব্যর্থ হয়ে আইরিন আক্তার কবিতা (৭) নামে এক শিশুকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটে। ২২ মে নওগাঁ জেলায় যৌতুকের টাকা না পেয়ে রেহানা (২০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করেছে তার স্বামী ও শাশুড়ি। ৩০ মে জামালপুরের ইসলামপুর গভীর রাতে অ্যাসিড নিক্ষেপ করে আখিয়া আক্তার (২৮) নামে এক নারীকে আহত করার ঘটনা ঘটে।
অন্যদিকে, এটি উদ্বেগজনক যে, মে মাসে অন্তত ২১৫ জন শিশু নির্যাতনের শিকার হয়েছেন যাদের মধ্যে ৫৬ জন প্রাণ হারিয়েছেন এবং ২১১ জন শিশু শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া বিগত তিন মাসে হামের উপসর্গে টিকার অব্যবস্থাপনা, অপর্যাপ্ততা ও উন্নত চিকিৎসার অভাবে সারাদেশে অন্তত ৬ শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। গত ২৭ মে রাজধানীর মগবাজারে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনার কারনে একসাথে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
HRSS এর মতে, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন প্রয়োগ, দ্রুত বিচার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। তাদের মতে, অব্যাহত এসব নির্যাতন দেশের মানবাধিকার পরিস্থিতির জন্য গভীর উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।







