আন্তর্জাতিক
লেবাননকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

লেবাননকে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এর আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেন, যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরান লেবাননকে ‘দর-কষাকষির হাতিয়ার’ হিসেবে ব্যবহার করছে।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট আউনের এ অভিযোগ প্রত্যাখ্যান করে আরাগচি লেখেন, ‘আউনের বক্তব্যে মনে হচ্ছে, ইরানই লেবাননের এক-পঞ্চমাংশ ভূখণ্ড দখল করেছে, দেশটির এক-চতুর্থাংশ মানুষকে বাস্তুচ্যুত করেছে এবং প্রতিদিন সেখানে বোমা হামলা চালাচ্ছে।’
আরাগচি আরও বলেন, লেবাননের প্রকৃত শত্রুর বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশটিকে রক্ষা করার জন্য প্রেসিডেন্ট আউনের প্রতি তিনি আহ্বান জানাচ্ছেন।







