আন্তর্জাতিক
দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, যোগ দিলেন দলের প্রতিষ্ঠাতা

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করছে ‘ককরোচ জনতা পার্টি’। বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে দিল্লি পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়।
চলতি বছরের এনইইটি-ইউ ২০২৬, সিইউইটি, এসএসসি জিডি এবং সিবিএসই পরীক্ষার অন-স্ক্রিন মার্কিং মূল্যায়ন পদ্ধতিতে অনিয়ম, প্রশ্নফাঁস এবং কাঠামোগত ব্যর্থতার অভিযোগ তুলে এই প্রতিবাদের ডাক দেওয়া হয়। আন্দোলনকারীদের প্রধান দাবি হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ।
শনিবার স্থানীয় সময় সকাল প্রায় ৮টায় দিল্লি বিমানবন্দরে পৌঁছান অভিজিৎ দীপকে। সেখান থেকে তিনি পার্লামেন্ট স্ট্রিট থানায় গিয়ে বিক্ষোভের অনুমতি নেন এবং পরে নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
এর আগে তিনি ঘোষণা দেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করতে তিনি যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে ভারতে ফিরবেন। ভারতের লাদাখ অঞ্চলের অধিকারকর্মী সোনম ওয়াংচুকও এই বিক্ষোভে যোগ দেওয়ার ঘোষণা দেন। গত সেপ্টেম্বরে স্বায়ত্তশাসনের দাবিতে সহিংস বিক্ষোভের পর তিনি গ্রেপ্তার হয়ে ছয় মাস আটক ছিলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপির নামের অনুকরণে গঠিত ব্যঙ্গাত্মক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ গত মাসে আত্মপ্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
‘তরুণদের জন্য, তরুণদের দ্বারা—তরুণদের রাজনৈতিক প্ল্যাটফর্ম’ এই স্লোগানকে সামনে রেখে দলটির জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।







